জমি দখল নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত ১২ জন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাতুন গ্রামপঞ্চায়েতের গোপালপুর ফুটালি হাটখোলা এলাকায়। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাতুন গ্রামপঞ্চায়েতের গোপালপুর ফুটালি হাটখোলা এলাকার দুই একর জমির দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে শরিকি বিবাদ চলছিল নুর ইসলামের পরিবার ও সাবের আলির পরিবারের মধ্যে। আজ সকালে ওই জমিতে কাজ করতে যায় সাবের, ইয়াকুব, জাবের, ও ফকিরুদ্দিন। সেই সময় তাদের কাজ করতে বাধা দেয় নুর ইসলাম, তার ছেলে কামরুস জামান ও অন্যান্যরা। দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দুপক্ষের মোট ১২ জন আহত হয়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।